হিলিতে চিকিৎসককে মারধরের ঘটনায় চিকিৎসকদের নিন্দা ও প্রতিবাদ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত দুই চিকিৎসককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনের নেতৃত্বে সংঘটিত এ হামলার ঘটনায় জেলার চিকিৎসক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টির হেলথ উইং এর প্রধান ও যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা: মো: আব্দুল আহাদ বলেন, “চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়বে। কর্মস্থলে একজন চিকিৎসকের ওপর হামলা অত্যন্ত জঘন্য ও অগ্রহণযোগ্য। আমরা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

বিসিএস হেলথ ফোরাম এর সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে জানান, বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, এই হামলার নেতৃত্ব দিয়েছেন একজন ব্যক্তি, যিনি নিজেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পরিচয় দিয়ে ঘটনাস্থলে প্রবেশ করেন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী আচরণে লিপ্ত হন। এ ধরনের ঘটনায় যদি দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা ভবিষ্যতে আরো ভয়ংকর উদাহরণ সৃষ্টি করবে,যেখানে রাজনৈতিক পরিচয় হবে আইনের ঊর্ধ্বে থাকার ঢাল।

এনসিপি জোরালোভাবে দাবি জানাচ্ছে:
🔹 হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ
🔹 রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা যেন অপকর্ম নয়, অপরাধ হিসেবে বিবেচিত হয়
🔹 সকল হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা

হাসপাতাল কোনো দলের নয়, এটা জনগণের। চিকিৎসকরা কোনো দলের কর্মচারী নন, তাঁরা রাষ্ট্রের সেবক বলেও বিবৃতিতে বলা হয়। চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বলেন, একজন সেবাদানকারী চিকিৎসক ও ইন্টার্ন স্বাস্থ্যকর্মীর ওপর প্রকাশ্যে হামলা দেশের স্বাস্থ্যখাতের জন্য অশনি সংকেত। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, আমরা হতবাক, ক্ষুব্ধ ও নিরাপত্তাহীনতায় ভুগছি। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি—হামলাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় আমরা কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

এদিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকরাও ঘটনার প্রতিবাদ জানিয়ে জানান, “এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আমরা গভীর শঙ্কায় থাকব।” চিকিৎসকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, “চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।” এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ না পৌঁছালেও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recommended For You