কুমিল্লায় আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন

শিল্পচর্চার প্রসারে প্রিজন্স পাবলিক স্কুল, কুমিল্লায় “আর্ট প্রশিক্ষণ কেন্দ্র” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জেলার মো.আব্দুল্লাহেল আল ও ডেপুটি জেলার জান্নাতুল রাকিব। এ সময় প্রিজন্স পাবলিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র জেল সুপার তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্মের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে প্রশিক্ষণ অপরিহার্য। যেখানে চর্চা, সেখানেই উৎকর্ষ। প্রশিক্ষণ মানুষকে গড়ে, আর শিল্প গড়ায় জাতি।” তিনি আরও জানান, শিল্পচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই আর্ট প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনজন প্রশিক্ষণার্থী শিক্ষার্থীর আঁকা অনন্য চিত্রকর্ম প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রিজন্স পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রতি শুক্রবার বিকেল ৩টায় নিয়মিত আর্ট প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এতে শিক্ষার্থীরা চিত্রকলার বিভিন্ন দিক সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবে এবং নিজেদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাবে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Recommended For You