ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে নানা কর্মসূচির মধ্য দিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যাতে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাঙালির ইতিহাসে এক সাহসিকতাপূর্ণ প্রতিরোধের প্রতিচ্ছবি। এই দিনটি শুধু আনন্দের নয়, জাতির আত্মদর্শনেরও দিন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহসহ অধ্যাপকবৃন্দ ও ছাত্র-ছাত্রী প্রতিনিধি। এসময় তাঁরা বলেন, শহিদদের আত্মত্যাগ ও গণআন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালের উত্তাল আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

Recommended For You