
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহিবুল্লাহ হারুন।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
জানা গেছে, বরগুনা-১ আসনে ১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মুহিবুল্লাহ হারুন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এবং ১২ দলীয় জোটের বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ একই সময় মনোনয়ন পত্র জমা দেয়।
এসময় জোটের প্রার্থী অলিউল্লাহর সাথে কোন ধরনের সমঝোতা করবে কি না জানতে চাইলে তিনি বলেন, সমঝোতার ব্যাপারে আমাদের কেন্দ্রীয় ডিসিশন রয়েছে যে আরও দুই একটি দল আমাদের সাথে সমঝোতায় আসতে পারে। এইজন্য মূল ডিসিশন এখনও দেননি। আমাদেরকে মনোনয়নপত্র সাবমিট করার জন্য বলছেন, আমরা সাবমিট করে দিয়েছি।
তিনি আরো বলেন, সারা দেশ নিয়ে দলীয় সিদ্ধান্ত হবে। সারা দেশ নিয়ে যখন সিদ্ধান্ত আসবে বরগুনাতেও তখন সিদ্ধান্ত সেটিই আসবে। যেহেতু সামনে এখনও মনোনয়ন প্রত্যাহারের তারিখ আছে, সেই পর্যন্ত সিদ্ধান্তের সময় আছে। তো কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তখন যে ডিসিশন আসবে আমরা তাই করবো ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, অধ্যাপক মুহিবুল্লাহ হারুন বাংলাদেশ জামায়াতে ইসলামির বরগুনা জেলা আমির এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি বরগুনা আলিয়া মাদ্রাসার উপাধ্যাক্ষ হিসেবে কর্মরত আছেন।




