বরগুনায় ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের উপর হামলা

বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী-সমর্থকদের উপর বিএনপির কর্মী সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৫ কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ৩ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটে এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হওয়ায় বিএনপির কর্মী সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আঃ সাকুর বলেন, নির্বাচনের আগের রাত থেকে তারা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়ে আসছে। নির্বাচনের পর আজ সকালে গৌরিচন্না এলাকায় হাতপাখায় ভোট দেয়া এবং এজেন্ট থাকার কারনে আমাদের কর্মীদের উপর হামলা চালায় স্থানীয়রা। আমি প্রশাসনের কাছে আশা করি আমাদের কর্মী ভাইরা যেন আর নির্যাতিত না হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানকার পরিস্থিতিতে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recommended For You