
পবিত্র রমজান মাসে যখন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, তখন এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বরগুনার পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ চৌধুরী। রাস্তার ধারে সারিবদ্ধভাবে সাজানো ইফতারের প্যাকেট, যাতে রয়েছে উন্নতমানের ফল ও ইফতার খাদ্যসামগ্রী। তবে এসব খাবার বিক্রির জন্য নয়, বরং সমাজের ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের জন্য উন্মুক্ত।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে পাথরঘাটা পৌরসভার সামনে সড়কের পাশে এই ইফতারের প্যাকেটগুলো সাজিয়ে রাখা হয়। কোনো হুড়োহুড়ি বা দীর্ঘ লাইনের ঝামেলা ছাড়াই অসহায় ও পথচারী শ্রমজীবী মানুষরা তাদের প্রয়োজনমতো প্যাকেটগুলো সংগ্রহ করছেন।
স্থানীয় সচেতন মহল মারুফ চৌধুরীর এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই মানবিক কাজের ছবি ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই মনে করছেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন মানবিক কাজ সমাজের অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
জাতীয় সংসদের চীপ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির সৌজন্যে এই উদ্যোগ বাস্তবায়ন করেন পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরী। আজ আয়োজনের প্রথম দিনে অর্ধ শতাধিক ছিন্নমূল পথচারী এই ইফতার গ্রহন করেন৷ তারা জানান, বাজারে যে ফলের দাম, তা কিনে খাওয়ার কথা তাররা ভাবতেও পারি না। আজ ইফতারের প্যাকেট পেয়ে খুশি হয়েছেন। এমন উদ্যোগ খুব কমই দেখা যায় বলেও জানান তারা।
পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরী বলেন, সমাজের বিত্তবানরা অনেক ভালো ভালো খাবার দিয়ে ইফতার করেন। কিন্তু আমার ইচ্ছা ছিল সমাজের যারা অবহেলিত, তারা যেন অন্তত একদিন হলেও দামী ফল দিয়ে তৃপ্তিসহকারে ইফতার করতে পারেন। যাদের ইফতার কেনার সামর্থ্য কম এবং হাত থেকে নিতে লজ্জা পায় তারা যেন স্বাচ্ছন্দে নিতে পারে। আমি বিশ্বাস করি, সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান যেন এমন উদ্যোগ নেয় তার জন্য উৎসাহ হিসেবে কাজ করবে আমার এই ছোট্ট একজন ইনশাআল্লাহ।
কেএন/মানবকাল




