
বিরোধী দলের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত, এই সংবিধান ১৯৭১ সালে লক্ষ লক্ষ শহীদের রক্তে সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অভিযোগ উঠেছে আমাদের বিরুদ্ধে। বিশেষ করে আমাদের সম্মানিত এক সদস্য বলেছেন, আমি সংবিধানকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি এবং সংবিধান যেন ঠিক থাকে-সেই ব্যাপারে আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেছি, হ্যাঁ করেছি। কারণ এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত, এই সংবিধান ১৯৭১ সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের সঙ্গে জড়িত।




