তীব্র খরায় বিপর্যস্ত উত্তর কোরিয়া, খাদ্য সংকটের আশঙ্কা

তীব্র খরার কারণে উত্তর কোরিয়ায় কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। এর ফলে দেশটিতে খাদ্য সংকটের আশঙ্কা আরও বেড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, দেশজুড়ে ‘অস্বাভাবিক’ খরা দেখা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই পরিস্থিতি আর দেখা যায়নি। এই পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলের কৃষিশ্রমিকরা মৌসুমের শুরুর ফসল রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।

কেসিএনএ জানিয়েছে, খরা মোকাবিলায় দেশের বিভিন্ন শহর ও জেলায় জলাধার ও সেচব্যবস্থার গেট মেরামত করা হচ্ছে। পাশাপাশি গম ও বার্লির মতো গুরুত্বপূর্ণ ফসলের খরা সহনশীলতা বাড়াতে প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, দেশটির প্রধানমন্ত্রী পাক থে সং দক্ষিণ পিয়ংআন ও উত্তর হোয়াংহে প্রদেশের বিভিন্ন খামার পরিদর্শন করেছেন। তিনি খরার ক্ষতি কমাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সব ধরনের পানির উৎস চিহ্নিত করে কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দেন।

Recommended For You