রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে তলিয়ে গেল বোরো ধান

কক্সবাজারের উখিয়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভেসে আসা বর্জ্যে তলিয়ে গেছে স্থানীয় কৃষকদের বোরো ধানের খেত। ধান কাটার মৌসুমে এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা। কৃষকদের দাবি, পানির সঙ্গে বর্জ্য ভেসে এসে মাছকারিয়া বিল এলাকার প্রায় ৫ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে বৃষ্টির পানির সঙ্গে ভেসে আসা প্লাস্টিক, পলিথিন, বোতলসহ নানা বর্জ্য ধানখেতে জমে আছে। এতে পাকা বোরো ধান পানিতে ডুবে নষ্ট হতে শুরু করেছে।

স্থানীয় কৃষক নুরুল হক বলেন, প্রতি বছরই একই সমস্যায় পড়ি। ধান কাটার সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হলে রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য পানির সঙ্গে এসে জমিতে পড়ে। এবারও তাই হয়েছে। তিনি আরও বলেন, ধার-দেনা করে চাষ করেছিলাম, এখন বড় লোকসানে পড়তে হবে। আরেক কৃষক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, একই সমস্যা বারবার হলেও স্থায়ী সমাধান নেই। কৃষি অফিস থেকেও কেউ ঘটনাস্থল দেখতে আসেনি। আমরা ক্ষতিপূরণ চাই।

Recommended For You