
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের মিলনস্থলে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন যেন এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকার প্রায় এক কিলোমিটার জুড়ে নদীভাঙন রোধের দাবিতে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। তাদের সঙ্গে ছিল শতাধিক শিশু শিক্ষার্থী। যাদের চোখে মুখে ভয়, অনিশ্চয়তা আর প্রিয় স্কুল হারানোর আশঙ্কা। নদীর পাড়ে দাঁড়িয়ে বৃদ্ধা আছিয়া বেগম কাঁপা কণ্ঠে বলেন, এই ভিটাটুকুই আমাদের সব। নদী যদি নিয়ে যায়, আমরা কোথায় যাব? একই সুর শোনা যায় আকলিমা, কবিজন নেছা ও বৃদ্ধ শাহাবুরের কণ্ঠে।
নওশের আলী বলেন, প্রতি বছরই ভাঙন দেখি, কিন্তু এবার মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তার কান্না জড়িত কন্ঠে বলে, আমাদের স্কুলটা যদি নদীতে চলে যায়, আমরা কোথায় পড়ব? আমার বন্ধুরা কি সবাই আলাদা হয়ে যাবে? পাশে দাঁড়ানো তার সহপাঠী রাব্বি যোগ করে, আমরা শুধু স্কুলটাকে বাঁচাতে চাই।




