ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব উল্লাহ মজুমদার, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সালাহ উদ্দিন এবং ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নগরায়নের ফলে সবুজায়নের পরিমাণ কমে যাওয়ায় পরিবেশগত নানা সংকট দেখা দিচ্ছে। এসব সংকট মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের কারণে পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে তার দায়িত্ব নেয়, তাহলে দেশব্যাপী ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, “পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বৃক্ষরোপণ কর্মসূচি কেবল আনুষ্ঠানিক কার্যক্রম নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বায়ুদূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন করে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যমান গাছপালা সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সবুজায়ন কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন নতুন গতি পাবে। একই সঙ্গে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

Recommended For You