
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হৃদয় মাঝি নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক অরূপ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত হৃদয় মাঝি বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার রন মাঝির একমাত্র সন্তান। তিনি স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন আগে জ্বর ও মাথাব্যথায় নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডেঙ্গু সনাক্ত হয় হৃদয়ের। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাত দশটার দিকে শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসাধীন তিনি মারা যান।
জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টা নতুন ভর্তি হয়েছে ১৬ জন এবং এখনো চিকিৎসা নিচ্ছেন ৯৩ জন। চিকিৎসক অরূপ বলেন, শুক্রবার সকাল থেকে ওই রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।




