
রিপন মালী
বরগুনার তালতলী এলাকার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে গলায় গামছা পেঁচিয়ে দীপ্ত হাওলাদার নামের এক কলেজ শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠছে। এই ঘটনা শনিবার (২২ জুলাই) রাতে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপ্ত ও তার বাবা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। ভুক্তভোগী দীপ্ত তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের দীপংকর হাওলাদারের ছেলে। অভিযুক্ত অসিমের বাড়ি হলো একই গ্রামে।
দীপ্ত হাওলাদার বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে আমি বাড়ির পাশে কালভার্টের উপর বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ অসিম পেছন থেকে এসে আমাকে মারধর করে থাকে আমি কিছু বোঝার আগেই আমাকে গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে আমি লুটিয়ে পড়ি। পরে পথচারীদের দেখে পেলে অসিম দ্রুত পালিয়ে যায়। সেই সময় আমার গলার থাকা স্বর্ণের চেইনটি নিয়ে যায় আসিম। পরে পথচারী ও আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়।‘
এই বিষয়ে দীপ্তর দাদা সুধাংশু হাওলাদার বলেন, অসিমদের সঙ্গে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। তাই বলে আমার নাতিটাকে মেরে ফেলার চেষ্টা করবে? আমরা এর বিচার ও আইনের সাহায্য চাই। দীপ্তর বাবা দীপংকর হাওলাদার বলেন, ছেলেকে নিয়ে বরগুনায় হাসপাতালে থাকায় এখনো থানায় যেতে পারিনি। তবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। বিরোধ নিয়ে আগে একটি জিডি করা আছে। তালতলী গিয়ে মামলা করব।
অভিযোগের বিষয় জানার জন্য অসিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে তার পরিবারের অন্য সদস্যদেরও পাওয়া যায়নি। অসিমের প্রতিবেশী অনিল সর্দার বলেন, ঘটনার পর অসিম ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে চলে গেছে। কিন্তু কিছু বলে যায়নি। তাদের ফোনেও এখন পাচ্ছি না। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




